শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মিনি ম্যারাথন, মাঝপথেই যুবকের মৃত্য

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট: সোনারগাঁয়ে একটি মিনি ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

‎শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে  সোনারগাঁ রানার্স নামে একটি শরীরচর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া টিপু সুলতান কিশোরগঞ্জের মিঠামইন কাঠখাল গ্রামের মৃত রাজ্জাকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিযোগিতার আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ রানার্স সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন টিপু সুলতান। ভোরে পানামনগরের আমিনপুর মাঠ থেকে ৭.৫ কিলোমিটারের দৌড় শুরু হয়। প্রায় অর্ধেক পথ অতিক্রম করে বালুয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছানোর পর টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হন। এসময় আয়োজকদের মেডিকেল টিম তাকে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রতিযোগিতার প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সোনারগাঁসহ সারাদেশের ৬০০ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। টিপু সুলতান তাদেরই একজন ছিলেন। প্রতিযোগিতার একপর্যায়ে টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর