শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন
নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সশ্রদ্ধ স্মরণে সাতদিনব্যাপী বৃক্ষমেলা, বইমেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুর্লভ ছবি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটসহ নারায়ণগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার, সাংবাদিক কাউসার মাহমুদের বিশেষ স্টল শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক দুর্লভ ছবি প্রদর্শনী, বিসমিল্লাহ নার্সারী, স্বপ্নগুলি নার্সারি, বাপ্পি গার্ডেন সেন্টার, সোনিয়া নার্সারি, ভাই ভাই নার্সারি, স্বরূপকাঠি নার্সারি, রূপন্তি নার্সারি এবং এ আর এগ্রো।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্রমবর্ধমান তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির গাছ, বই এবং জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক দুর্লভ আলোকচিত্র দেখার সুযোগ পাবেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আগামী সাত দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...