বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

এক মেসির কাছে হার মানল ৩০ দেশ!

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিশ্বকাপে দলগুলো লড়ছে গোলের জন্য, আর লিওনেল মেসি যেন লড়ছেন ইতিহাসের সঙ্গে। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে না হতেই এমন এক পরিসংখ্যান সামনে এসেছে, যা আর্জেন্টাইন মহাতারকার আধিপত্যকে নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

তিন ম্যাচে মেসির গোল ছয়টি। আর সেই ছয় গোলই বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ৩০টি দেশের পুরো দলের গোলসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ, একা মেসি যা করেছেন, তা করতে পারেনি বিশ্বের ৩০টি জাতীয় দল।

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয় আলজেরিয়ার বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিক দিয়ে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার জালে জোড়া গোল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই অসাধারণ এক ফ্রি-কিকে জাল কাঁপান। তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ছয়।

এতেই থেমে থাকেননি তিনি। জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন বিশ্বরেকর্ডও নিজের করে নেন। এতদিন টানা ছয় ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। এবার তাদের ছাড়িয়ে একক উচ্চতায় উঠে গেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।

চলতি আসরে আর্জেন্টিনার আট গোলের মধ্যে ছয়টিই এসেছে মেসির পা থেকে। প্রথম দুই ম্যাচে দলের পাঁচ গোলের সবকটিই করেন তিনি। শেষ ম্যাচে মাত্র আধাঘণ্টার মতো খেলেও গোল করে আবারও নিজের ছাপ রেখে যান।

পরিসংখ্যান আরও বিস্ময় জাগায়। আর্জেন্টিনাকে বাদ দিলে এখন পর্যন্ত মাত্র ১৭টি দল মেসির চেয়ে বেশি গোল করতে পেরেছে। স্পেন, ক্রোয়েশিয়া, মিসর, আলজেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা করেছে পাঁচটি করে গোল। অস্ট্রেলিয়া, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার গোল চারটি। চেক প্রজাতন্ত্র, প্যারাগুয়ে, স্কটল্যান্ড ও তিউনিসিয়ার তিনটি করে। উজবেকিস্তান, ডিআর কঙ্গো, আইভরি কোস্ট, ইরান, ইরাক, উরুগুয়ে, কাতার, জর্ডান, তুরস্ক, হাইতি, নিউজিল্যান্ড ও ঘানার দুটি করে। কুরাসাও, কেপ ভার্দে, নরওয়ে ও সৌদি আরবের একটি করে গোল। আর পানামা এখনো গোলের খাতা খুলতেই পারেনি।

গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। কানাডার গোল ৯টি। আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, নরওয়ে ও সেনেগালের ৮টি করে। ব্রাজিল, জাপান, সুইডেন ও সুইজারল্যান্ড করেছে ৭টি করে গোল। আর পর্তুগাল, ইংল্যান্ড, মেক্সিকো, মরক্কো, অস্ট্রিয়া ও বেলজিয়ামের গোল ৬টি করে।

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে থাকা মেসির সামনে এখন নকআউট পর্বের পরীক্ষা। তার পা যদি এভাবেই কথা বলতে থাকে, তবে নতুন নতুন রেকর্ডের সঙ্গে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নও আরও উজ্জ্বল হয়ে উঠবে আর্জেন্টিনার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর