দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে প্রতিবন্ধী, দুস্থ ও মজলুম মানুষের মাঝে গোস্ত ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডির ১০/এ সড়কে জাস্টিস আমিন আহমেদ ট্রাস্ট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ও প্রবীণ রাজনীতিক গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ড. মো. আব্দুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ড. জমিরুল আক্তার, মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ওমর ফারুক বিএন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শরীফ আজিজ, সিনিয়র অ্যাডভোকেট মঈনুদ্দিন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, আফাজ উদ্দিন ও ছাত্র প্রতিনিধি কবি সেজান খানসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তিনি দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রভাবমুক্ত ও সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করতে হবে। একই সঙ্গে সৎ, সাহসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক ব্যক্তিদের কমিশনের নেতৃত্বে আনার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশে অবস্থানরত লুটেরা ও মাফিয়াদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে দুর্নীতি নির্মূল সম্ভব নয়।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী আরও বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায় থেকে নৈতিকতার চর্চা শুরু করতে হবে। মিথ্যাচার, স্বার্থপরতা ও বিশৃঙ্খলা পরিহার করে সমাজকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার দেশপ্রেমিক মানুষ একত্রিত হলে দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “দেশের মালিক জনগণ, আমরা সরকারের অংশীদার।” জনগণের সম্পদ রক্ষায় জাপান, চীন ও সিঙ্গাপুরের আদলে কঠোর ভূমি আইন প্রয়োগের মাধ্যমে ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান তিনি।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তারা দুর্নীতি, বৈষম্য ও অনিয়মমুক্ত বাংলাদেশ গঠনে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে গোস্ত ও নগদ অর্থ বিতরণ করা হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...