মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় হাজী মো. শহীদ সরকার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সমাজসেবক হাজী মো. শহীদ সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলেছেন হাজী মো. শহীদ সরকার। তার সমর্থকদের দাবি, দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে মামলা-মোকদ্দমা, কারাবরণ এবং নির্যাতনের শিকার হয়েছেন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসংযোগ অব্যাহত রেখেছেন।

বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি সংগঠনের আস্থা অর্জন করেন। পরবর্তীতে তাকে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার ক্ষেত্রেও তিনি সম্ভাবনাময়দের একজন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন হাজী মো. শহীদ সরকার। অসহায় মানুষের সহায়তা, বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে উদ্যোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন বলে তার সমর্থকদের দাবি।

হাজী মো. শহীদ সরকার বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের কল্যাণের মাধ্যম। দীর্ঘদিন মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করেছি। জনগণ সুযোগ দিলে পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে চাই।”

স্থানীয় বাসিন্দাদের একটি অংশের ভাষ্য, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে হাজী মো. শহীদ সরকার ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাদের প্রত্যাশা, তার রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা ভবিষ্যতে নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। এরই মধ্যে আলোচিত নামগুলোর মধ্যে হাজী মো. শহীদ সরকার অন্যতম। তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর