সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা
সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও বিনিয়োগবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, উন্নয়ন তখনই টেকসই হবে, যখন সকল পক্ষ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সমন্বয়ের মাধ্যমে জেলার স্বার্থে কাজ করবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনের অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম শিল্পনগরী। এই জেলার উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে কাজ করলে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বিনিয়োগবান্ধব নগরীতে পরিণত করা সম্ভব।
সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে। উন্নয়ন, সুশাসন, নাগরিক সেবা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা আরও বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জেলার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ, বিকাশ চন্দ্র সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...