মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন
মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সমঅধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
সেমিনারে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অ্যালামনাইরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের এই অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থাকা প্রয়োজন।
তিনি বলেন, অতীতে অনেক ক্ষেত্রে মাদ্রাসাশিক্ষার্থীদের ট্যাগিং, ফ্রেমিং ও বৈষম্যের শিকার হতে হয়েছে, যা ন্যায়ভিত্তিক রাষ্ট্রের চেতনার পরিপন্থী।
নতুন বাংলাদেশে কোনো নাগরিক যেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়ের কারণে বৈষম্য বা নাগরিক অধিকার হরণের শিকার না হন এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সমান মর্যাদা ও অধিকার নিয়ে দেশের অগ্রযাত্রায় অংশগ্রহণ করবে। এ জন্য বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, চিন্তক মুসা আল হাফিজসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ইসলামী সংগঠনের প্রতিনিধিসহ আলেম-ওলামা, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...