ভিটামিন ‘এ’ খাওয়ানো থেকে একটি শিশুও বাদ যাবে না: নাসিক প্রশাসক
‘একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না যায়। প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে হবে।’ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উদ্বোধনকালে এ কথা বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম।
প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, এবার সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নগরীর ৩৪০টি কেন্দ্রে প্রায় ৮০০ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। যারা নির্ধারিত দিনে ক্যাপসুল গ্রহণ করতে পারবে না, তাদের জন্য আগামী ১৫ দিন পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ খাওয়ানোর সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে এ কর্মসূচির আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও জনগণের সহযোগিতায় এ কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব। কাউকে বাদ না দিয়ে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পরিবারে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো শিশুই যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভাপতির বক্তব্যে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সরকারের এ উদ্যোগ সফল করতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকদেরও সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরে অতিথিরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...