বন্দরে হত্যা মামলার আসামি সাজেন ও মাদকসহ গ্রেফতার ৭
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, ৫ শত গ্রাম গাঁজাসহ নারী মাদককারবারি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১।
বুধবার (১২ জুলাই) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে বন্দর থানাধীন মদনগঞ্জ বটতলা এলাকার আরমান প্রধানদের ভবনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাজেনকে (২১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজেন মদনগঞ্জ লক্ষ্যারচর মধ্যপাড়া এলাকার মোঃ সুমন মিয়ার ছেলে।
একই রাতে বন্দর থানার এসআই মোঃ আল-আমিন গোপন সংবাদের ভিত্তিতে ঘাড়মোড়া এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মোঃ ফিরোজ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করতে সক্ষম হন।
পৃথক একটি অভিযানে র্যাব-১১ মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী মহাসড়কের ওপর থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জেরিন আক্তার (২৫) নামের এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জেরিন আক্তার কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উত্তর দুর্গাপুর এলাকার ফয়সালের স্ত্রী।
এছাড়া পরোয়ানাভুক্ত অন্যান্য অপরাধের অভিযোগে মোঃ আলামিন, মোঃ রাব্বি, মোঃ রানা ও মোঃ আল-আমিন নামের ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








আপনার মন্তব্য প্রদান করুন...