জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, জনগণের ওপর একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি সম্পর্কে জনগণ অবগত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না। খেটে খাওয়া মানুষের স্বার্থে এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। বিভিন্ন ধরনের সহায়তা কার্ড দিয়ে মানুষের মৌলিক সমস্যা সমাধান করা যাবে না। জনগণের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।
সমাবেশে ইসলামী ব্যাংক প্রসঙ্গে মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলামী ব্যাংক একটি সুদমুক্ত ব্যাংক এবং যারা অতীতে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে, তাদের পুনর্বহালের উদ্যোগ উদ্বেগজনক। জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ব্যাংকের আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ইসলামী ব্যাংককে রক্ষায় জামায়াত দৃঢ় অবস্থানে রয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, গত ১ জুন জ্বালানি তেলের দাম এবং ৩ জুন বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা সরকারের এ সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বার্থবিরোধী এসব সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।








আপনার মন্তব্য প্রদান করুন...