বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা’! বার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ একটি প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে: মাসুদুজ্জামান জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদের দোয়া মাহফিল সাংবাদিক সাব্বির হোসেনের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত রমজান ও গাজী শেষ, এবার কি ব্লাক জনির পালা? আশার ‘নতুন চ্যালেঞ্জ’ স্রষ্টার সন্তুষ্টির জন্য ত‍্যাগ ও যাকাত প্রদান কুরবানির শিক্ষা—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা’! বার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আয়োজিত দোয়া ও স্মরণসভাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কর্মসূচির ঠিক আগের দিন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জারি করা একটি জরুরি নোটিশকে ঘিরে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের অভিযোগ, পরিকল্পিত ও কৌশলগতভাবে তাদের কর্মসূচি বন্ধ করার উদ্দেশ্যেই এ নোটিশ জারি করা হয়েছে।

বুধবার (৩ জুন) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে জরুরি নোটিশটি টানানো হয়। নোটিশে বলা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের পূর্বানুমতি ছাড়া বার ভবনের অভ্যন্তরে কিংবা প্রধান ফটকের সামনে কোনো সভা, সেমিনার, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ বা অনুরূপ কর্মসূচি আয়োজন করা যাবে না। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও অন্যান্য প্রচারসামগ্রী প্রদর্শনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নোটিশ প্রকাশের পরপরই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা এটিকে শহীদ জিয়ার স্মরণসভা বানচালের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া জাকির বলেন, “প্রতি বছর আমরা যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করে আসছি। আগামীকাল বৃহস্পতিবার আমাদের দোয়া ও স্মরণসভার কর্মসূচি রয়েছে। ঠিক তার একদিন আগে হঠাৎ করে অনুমতির শর্ত আরোপ করা হয়েছে। এতে স্পষ্টভাবে বোঝা যায়, আমাদের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য রয়েছে। এটি রাজনৈতিক স্বেচ্ছাচারিতা ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত।”

ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আ. গাফফার বলেন, “বার ভবন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সকল আইনজীবীর মিলনকেন্দ্র। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণসভা আয়োজন করতে গিয়ে যদি অযৌক্তিক অনুমতির বেড়াজালে আটকে যেতে হয়, তাহলে তা গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আমরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।”

এদিকে একাধিক সূত্র দাবি করেছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত অনুষ্ঠানে বার সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরকে সভাপতির আসনে রাখার বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। তবে ফোরামের নেতারা এতে সম্মত না হওয়ায় পরবর্তীতে নিষেধাজ্ঞামূলক নোটিশ জারি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। তিনি বলেন, “নোটিশের সিদ্ধান্ত নতুন নয়, এটি আগের সিদ্ধান্ত। শুধু নতুন করে নোটিশ বোর্ডে টানানো হয়েছে। আমাকে অনুষ্ঠানের সভাপতি করার শর্ত দেওয়া হয়েছিল বা এ ধরনের কোনো অভিযোগ সঠিক নয়।”

আদালত সংশ্লিষ্ট কয়েকজন সিনিয়র আইনজীবী জানান, আদালত প্রাঙ্গণের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে অতীতেও বিভিন্ন সময়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বা স্মরণসভামূলক কর্মসূচির ঠিক আগে এ ধরনের নোটিশ জারির ঘটনা খুব একটা দেখা যায়নি।

আইনজীবী মহলের একাংশ মনে করছেন, আসন্ন বার নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় চলমান রাজনৈতিক ও পেশাগত বিভক্তিরই বহিঃপ্রকাশ ঘটেছে এ ঘটনাকে কেন্দ্র করে। এর ফলে আদালত অঙ্গনে নতুন করে উত্তেজনা ও মেরুকরণের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানিয়েছে, সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে তাদের নির্ধারিত দোয়া ও স্মরণসভা যথাসময়ে এবং যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হবে। কোনো ধরনের প্রতিবন্ধকতার কাছে তারা নতি স্বীকার করবে না বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর