অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ‘খালেদ ও আরিফ’-এর বিরুদ্ধে আইএসপিএবি’র কঠোর নিষেধাজ্ঞা
নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকায় অবৈধ ইন্টারনেট ও রিসেলার ব্যবসা পরিচালনার অভিযোগে “খালেদ ও আরিফ” গংদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এই চক্রটির সঙ্গে সব ধরনের ইন্টারনেট কার্যক্রম ও ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার জন্য সংগঠনের সকল সদস্যকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৭ (জুলাই) আইএসপিএবি’র অফিস সেক্রেটারি বিজয় কুমার পাল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর চাষাঢ়া এলাকার প্রগতি আইটি গত ১ জুলাই আইএসপিএবি কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয়, অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ও রিসেলার “খালেদ ও আরিফ” গং জোরপূর্বক নারায়ণগঞ্জ শহরের রামবাবু পুকুরপাড় এলাকার গ্রাহকদের ক্যাবল কেটে দিচ্ছে, বৈধ ইন্টারনেট কর্মীদের মারধর করছে, এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে ইন্টারনেট সংযোগে বাধা সৃষ্টি করে ব্যবসা দখলের চেষ্টা চালাচ্ছে।
এই অভিযোগের প্রেক্ষিতে আইএসপিএবি’র সেক্রেটারি জেনারেলের নির্দেশক্রমে সংগঠনের সকল সদস্যকে এক জরুরি অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, উত্তর চাষাঢ়া ও নারায়ণগঞ্জ জেলা এলাকায় “খালেদ ও আরিফ” গংকে কোনো ধরনের ইন্টারনেট ব্যান্ডউইথ প্রদান, ডিস্ট্রিবিউটর বা রিসেলার নিয়োগ, কিংবা তাদের ক্যাবল ও নেটওয়ার্ক ইকুইপমেন্ট (অনু, রাউটার) ক্রয়-বিক্রয় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই চক্রটির ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে কিনা, তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় বৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের। যদি কোনো আইএসপি প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করে ওই চক্রটিকে সহযোগিতা করে, তবে তাদের বিরুদ্ধে আইএসপিএবি’র সংঘবিধি এবং বিটিআরসি’র গাইডলাইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।








আপনার মন্তব্য প্রদান করুন...