মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’ অফিসে অনুপস্থিত, হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে চেম্বার ও বিকেএমইএর জেলা পুলিশে চেক হস্তান্তর নারায়ণগঞ্জ শহর বাদ, তারাবোতেই থামছে মেট্রোরেল বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

অফিসে অনুপস্থিত, হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

আল আমীন অর্ণব / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সকাল তখন সাড়ে ৮টা। অফিস শুরুর সময় হলেও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ভূমি অফিসে দেখা মেলেনি দায়িত্বশীল কর্মকর্তাদের। তবে হাজিরা খাতার ৩১ আগস্টের পাতায় ছিল তাদের স্বাক্ষর। আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল।

সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকা থেকে প্রথমে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে যান ভূমি প্রতিমন্ত্রী। পরে তিনি পরিদর্শন করেন ফতুল্লা ভূমি অফিস। দুটি অফিসেই কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে অসঙ্গতি দেখতে পান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছ থেকে ভূমি অফিস নিয়ে অনেক অভিযোগ তিনি পেয়ে থাকেন। অভিযোগের মাত্রা বেশি হওয়ায় সরেজমিন পরিস্থিতি দেখতে তিনি নারায়ণগঞ্জে এসেছেন।

তিনি বলেন, সারা বাংলাদেশেই সময়মতো অফিসে না আসার একটি প্রবণতা রয়েছে। নারায়ণগঞ্জেও তার ব্যতিক্রম দেখেননি। তবে দুটি সার্কেল অফিসে কাউকে না পাওয়ার বিষয়টি তাকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে।

মীর হেলাল বলেন, “৩১ তারিখের ঘরে সবার স্বাক্ষর আছে, অথচ বাস্তবে অফিসে কেউ নেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি জালিয়াতি। দুটি সার্কেল অফিসেই আগে থেকে স্বাক্ষর করা ছিল, কিন্তু বাস্তবে কর্মকর্তারা উপস্থিত ছিলেন না।”

ভূমি অফিসগুলোতে সেবা দেওয়ার মানসিকতারও ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অফিসগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। সেখানে আনসার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়নি বলেও জানান তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও নীতিবান হতে হবে। সময়মতো অফিসে উপস্থিত হওয়া কোনো কঠিন বিষয় নয়, যদি কাজের প্রতি আন্তরিকতা থাকে।

তিনি জানান, পরিদর্শনের সময় তিনি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। এসব বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

মীর হেলাল আরও বলেন, মানুষের সেবা করা সরকারের দায়িত্ব। সাধারণ মানুষকে সেবা দিয়ে কোনো দয়া করা হচ্ছে না, বরং রাষ্ট্রের কাছ থেকে তাদের যে প্রাপ্য, সেটিই তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই মানসিকতা নিয়েই দায়িত্ব পালন করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর