মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

জেলেদের জালে মিলল লুট হওয়া থানার শর্টগান

খবর প্রতিদিন রিপোর্ট / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। অস্ত্রটি উদ্ধারের পর পুলিশ নিশ্চিত করেছে, এটি আড়াইহাজার থানার সরকারি অস্ত্র।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ভারী একটি বস্তু আটকে যায়। পরে সেটি ওপরে তুলে তারা একটি শর্টগান দেখতে পান। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি আড়াইহাজার থানার সরকারি অস্ত্র।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকটি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শর্টগানটি সেই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি বলে নিশ্চিত হওয়া গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া শর্টগানটি থানার লুট হওয়া অস্ত্র। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর