জামায়াতের কর্মী সম্মেলন, নিরাপত্তায় থাকবেন এক হাজার স্বেচ্ছাসেবক
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ১৫ হাজার কর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে এবং মাঠের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান দেখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় তিনি সম্মেলনের সময় পরিবর্তনের জন্য দুঃখ প্রকাশ করেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, সম্মেলনে প্রায় ১৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের ধারণক্ষমতার বাইরে লোক এলে তা জনসমুদ্রে রূপ নেবে। সংগঠনের প্রায় ৫০ হাজার সক্রিয় কর্মী থাকলেও সবাইকে একসঙ্গে মাঠে আনা সম্ভব হচ্ছে না। তাই বাইরে আগতদের জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, সম্মেলনের শৃঙ্খলা বজায় রাখতে সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, পঞ্চবটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কর্মী সম্মেলন সম্পন্ন করার আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, দেশে প্রশাসনের দলীয়করণ ও বৈষম্যের পরিস্থিতি এখনো বিদ্যমান রয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু তুলে ধরেন।
তিনি জানান, সম্মেলনে মূলত রাজনৈতিক দিকনির্দেশনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমসাময়িক জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।
কর্মী সম্মেলন সফল করতে প্রশাসন ও নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন নেতারা।








আপনার মন্তব্য প্রদান করুন...