অন্তত একটি মডেল মন্দির করার ঘোষণা সাখাওয়াতের।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে অন্তত একটি মডেল মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, মুসলমানদের জন্য মডেল মসজিদ থাকলেও হিন্দু সম্প্রদায়ের জন্য মডেল মন্দির নেই। তাই নারায়ণগঞ্জে একটি দৃষ্টিনন্দন ও আদর্শ মন্দির নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগে শহরে উত্তর মেরু–দক্ষিণ মেরুর মতো বিভাজন ছিল। মেয়র-এমপির টানাটানি এখন আর নেই। আমরা সবাই চাই নারায়ণগঞ্জবাসীর ভাগ্যের উন্নয়ন। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানদের সহাবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করা হবে।
প্রশাসক জানান, মডেল মন্দির নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে উপযুক্ত জায়গা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। জায়গা পাওয়া গেলে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, লাঙ্গলবন্দের পূণ্যস্নান শুধু নারায়ণগঞ্জের নয়, এটি বিশ্বব্যাপী পরিচিত একটি আয়োজন। এখানে পর্যটন সুবিধা বাড়াতে পূর্বে ১২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছিল। সেখানে বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক ব্যবস্থা ও আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ছিল, তবে তা বাস্তবায়ন হয়নি।
ঐতিহ্যবাহী জিউস পুকুরকে পার্কের আদলে উন্নয়ন করে দর্শনার্থীদের জন্য আরও সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।








আপনার মন্তব্য প্রদান করুন...