সোনারগাঁয়ের কালী বাড়ী ও গৌড় নিতাই মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁওয়ের কাবিলগঞ্জ আশ্রাদ্বী বড়নগর কালী বাড়ী এবং পরে সোনারগাঁও গৌড় নিতাই মন্দিরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এই প্রার্থনা সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির বিশিষ্ট নেতা শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোক্তমা দাস, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুমিত রায়। এছাড়া মোগড়াপাড়া পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং বহু ভক্ত-শুভাকাঙ্ক্ষী প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রার্থনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে তাঁর সুস্থতা কামনায় একত্রিত হয়েছি। মানবতার কল্যাণে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য প্রার্থনা করা আমাদের নৈতিক দায়িত্ব। মা দুর্গা ও গৌড় নিতাইয়ের আশীর্বাদে তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটাই আমাদের প্রার্থনা।
পূজারি ও ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে প্রদীপ জ্বালিয়ে, ঘণ্টা ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মানসিক শক্তি এবং দ্রুত আরোগ্য কামনায় বিশেষ আরতি, চণ্ডীপাঠ এবং নামসংকীর্তন করেন।
একজন ভক্ত বলেন, মানবতার কল্যাণে যিনি জীবন উৎসর্গ করেছেন, তার সুস্থতা আমাদের প্রত্যাশা। আমরা ঈশ্বরের কাছে চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সেবা করার শক্তি ফিরে পান।
মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান, অসুস্থ নেত্রীকে নিয়ে দেশজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার অবসান ঘটুক। ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ থেকেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও সুস্থতা কামনায় এমন আয়োজনে তাঁরা পাশে থাকবেন।
শান্তিপূর্ণ প্রার্থনা, ধূপ-দীপ ও ভক্তিমূলক গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মন্দিরে উপস্থিত সকল ভক্তই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।








আপনার মন্তব্য প্রদান করুন...