সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেফতার।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে আরও ৩ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারকৃত ১০ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল বারিক, অফিসার ইনচার্জ (ওসি), সিদ্ধিরগঞ্জ থানা।
পুলিশ জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কালো রঙের ধারালো ছুরি, ১২ ইঞ্চি লম্বা একটি স্টিলের চাকু এবং স্টিলের তৈরি আরও ৩টি সুইচ গিয়ার চাকু।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)।
এদিকে, একই রাতে পৃথক অভিযানে থানা পুলিশ ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করে। এছাড়া, ভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে রোববার (১ মার্চ) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।








আপনার মন্তব্য প্রদান করুন...