সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি
সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় ক শ্রেণীভুক্ত কি-পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) প্রতিষ্ঠান পদ্মা পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর গোধনাইল ডিপোর অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ, সশস্ত্র মহড়া এবং কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক দল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ডিপোর এটিএফ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল ডেলিভারি পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ডিপো সূত্রে জানা যায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটিএফ ডেলিভারি পয়েন্টের দুজন অনিয়মিত কর্মী সরিয়ে নতুন কর্মী নিয়োগ দেয় ডিপো কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের জেরে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল মোল্লা ও তার সহযোগী সজীব ভূঁইয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল নিরাপত্তা বেষ্টনী টপকে ডিপোতে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সেখানে আধা ঘণ্টাব্যাপী মহড়া দেয় এবং নবনিযুক্ত দুই কর্মচারীকে কাজ ছেড়ে চলে যেতে হুমকি দেয়। পরে মোবাইল ফোনেও তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, অপসারিত ওই দুই কর্মচারী এবং কৃষক দল নেতা ফয়সাল মোল্লা ইতিপূর্বে রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে পরিচিত ছিলেন।
ক শ্রেণীর কেপিআই এলাকায় এমন অনাকাক্সিক্ষত ঘটনায় ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের নাশকতা বা সরকারি সম্পদের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বক্তব্যের জন্য ডিপো ইনচার্জ আমিনুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ঘটনাটি ঘিরে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।








আপনার মন্তব্য প্রদান করুন...