শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ
শিক্ষার্থীদের মাঝে নাগরিক সচেতনতা বাড়ানো এবং সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে নারায়ণগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনের সেশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সামনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন তাঁর কার্যালয় থেকে দেওয়া বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরেন।
উদ্যোগটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, শৈশব ও কৈশোর থেকেই তরুণ প্রজন্মকে প্রশাসনিক জবাবদিহিতা ও নাগরিক অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। এতে করে শিক্ষার্থীরা নিজেরা শেখার পাশাপাশি পরিবার ও স্থানীয় সমাজকেও সঠিক উপায়ে সরকারি সেবা পেতে সহায়তা করতে পারবে। এটি শুধু একদিনের আয়োজন নয়; ধাপে ধাপে সদর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের সেবা ও কার্যক্রম নিয়ে ধারাবাহিক প্রোগ্রাম পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে সরকারি দপ্তরগুলোর কাজের পরিধি ও সেবা পাওয়ার সঠিক নিয়ম নিয়ে অনেক সময় ধারণার স্পষ্টতা থাকে না। কিন্তু শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই তারা যেন শুরু থেকেই সরকারি সেবা প্রাপ্তির নিয়মকানুনের সঙ্গে পরিচিত হতে পারে, সেই উদ্দেশ্যেই সদর উপজেলা প্রশাসন এই দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে।








আপনার মন্তব্য প্রদান করুন...