বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা স্কাপসহ মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ফতেহ মোহাম্মদ রেজা রিপনের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে রাজনৈতিক সহকর্মী, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে সাংগঠনিক কর্মকাণ্ড, ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব থেকে সামাজিক ও ক্রীড়া উদ্যোগ, নানা পরিসরেই সক্রিয়তার ছাপ রেখেছেন তিনি।

বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মেধাবী শিক্ষাজীবন, ঐতিহ্যবাহী পরিবার

ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শিক্ষাজীবনের শুরু নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ও প্রিপারেটরি স্কুলে। পরে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ১৯৯০ সালে এসএসসি পরীক্ষায় মেধাক্রমে উত্তীর্ণ হন। এরপর দেশের অন্যতম ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে ১৯৯২ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কলেজজীবন শেষ করেন। পরবর্তীতে তেজগাঁও কলেজ থেকে বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৯০ সালে তৎকালীন চাষাঢ়া ইউনিয়ন, বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার ছাত্ররাজনীতির আনুষ্ঠানিক পথচলা শুরু।

রেজা রিপনের পারিবারিক পরিমণ্ডলও ছিল শিক্ষা, চিকিৎসা ও পেশাগত সাফল্যে সমৃদ্ধ। তাঁর বাবা মরহুম ডা. এম এ ওহাব ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ও খানপুর হাসপাতালের সুপারিনটেনডেন্ট। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মা আলহাজ্ব রিজিয়া খাতুন নারায়ণগঞ্জের কলরব কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ হিসেবে দীর্ঘ ২৮ বছর দায়িত্ব পালন করেন। বড় ভাই বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বড় বোন জেলার পরিচিত চিকিৎসক ডা. জাকিয়া পারভীন লিপি। অপর বড় বোন ডা. জুবাইয়া পারভীন পপি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রদল থেকে মহানগর বিএনপি

চাষাঢ়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিয়ে শুরু হওয়া রাজনৈতিক পথচলা ধাপে ধাপে বিস্তৃত হয়েছে। পরবর্তীতে নারায়ণগঞ্জ থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

মহানগর ছাত্রদলের আত্মপ্রকাশের পর প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান রেজা রিপন। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও তার নাম প্রস্তাবিত হয়।

দীর্ঘ ছাত্র ও যুব রাজনীতির পথ পেরিয়ে বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

রাজপথে সক্রিয় উপস্থিতি

দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন রেজা রিপন। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া, লিংক রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে তাকে সরব উপস্থিতিতে দেখা গেছে।

চব্বিশ-পরবর্তী সময়েও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ, দলীয় সভা-সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি ও গণসংযোগে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

ব্যবসায়ী সংগঠনেও নেতৃত্ব

রাজনীতির পাশাপাশি হোসিয়ারী ব্যবসায়ীদের সংগঠনেও নিজের অবস্থান তৈরি করেছেন রেজা রিপন। বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচনে তিনি স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের নেতৃত্ব দেন। নির্বাচনে সাধারণ গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন তিনি।

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা, নগর ব্যবস্থাপনা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও বিভিন্ন সময়ে সক্রিয় ভূমিকা রেখেছেন।

ফুটবলেও উজ্জ্বল রেজা রিপনের উপস্থিতি

রাজনীতি ও ব্যবসার পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন রেজা রিপন। বিশেষ করে ফুটবলের প্রতি তার আগ্রহ ও সম্পৃক্ততা ইতোমধ্যে আলোচনায় এসেছে।

গত জুন মাসে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে দেশের প্রথম ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেন তিনি। টুর্নামেন্টে প্রথম বিভাগের ১৬টি দল অংশ নেয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিল ব্যাপক উপস্থিতি।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বিএনপির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রথম শ্রেণির ফুটবল টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত থেকে আয়োজকদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

রেজা রিপন বলেন, “নারায়ণগঞ্জের ফুটবল ইতিহাস অতীতের ন্যায় উজ্জ্বল করার দায়িত্ব আমাদের। ফুটবলে নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা সবসময় বদ্ধপরিকর।”

তার এই উদ্যোগকে ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরির একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মানুষের পাশে থাকার প্রত্যয়

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগেও সম্পৃক্ত রয়েছেন রেজা রিপন। ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও তার অংশগ্রহণ রয়েছে।

জন্মদিনে রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, আগামী দিনে গণতন্ত্র, মানুষের অধিকার এবং নারায়ণগঞ্জবাসীর কল্যাণে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেও তার ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব এবং ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা মিলিয়ে রেজা রিপনের পথচলা আগামী দিনে আরও বিস্তৃত হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর