বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন রিপন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন তার পিতা বিশিষ্ট চিকিৎসক ও নারায়ণগঞ্জ জেলার প্রথম সিভিল সার্জন মরহুম ডাঃ এম এ ওয়াহাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সোমবার (২ মার্চ) মরহুম ডাঃ এম এ ওয়াহাবের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
ফতেহ মোহাম্মদ রেজা রিপন এক বার্তায় বলেন, তার পিতা ডাঃ এম এ ওয়াহাব নারায়ণগঞ্জ জেলার চিকিৎসা সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার প্রথম সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন খানপুর হাসপাতালের সুপারিনটেনডেন্ট হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, চিকিৎসা পেশার পাশাপাশি ডাঃ এম এ ওয়াহাব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচিত সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি মানবিকতা, সততা ও পেশাগত দায়িত্ববোধের জন্য চিকিৎসক মহলসহ সর্বস্তরের মানুষের কাছে সম্মানিত ছিলেন।
রেজা রিপন বলেন, আমার আব্বা সারাজীবন মানুষের সেবা করেছেন। একজন চিকিৎসক হিসেবে তিনি অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়িয়েছেন। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমি সকলের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাই। আল্লাহ যেন তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
তিনি আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানান।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুম ডাঃ এম এ ওয়াহাব চিকিৎসা সেবার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তার কর্মময় জীবন ও মানবিক আচরণের স্মৃতি আজও সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যরা মরহুমের কবর জিয়ারত, দুইটি মাদ্রাসায় কোরআন খতম, ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এসময় পরিবারের সদস্যরা তার রুহের মাগফিরাত কামনা করেন।








আপনার মন্তব্য প্রদান করুন...