নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু
ফেসবুক পোস্টে তোলপাড় না.গঞ্জের রাজনৈতিক অঙ্গন
একটি ফেসবুক পোস্টেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দেওয়া দীর্ঘ স্ট্যাটাস এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। পোস্টটিতে তিনি শুধু নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনাই করেননি, বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তাকে নিয়ে কোনো মন্তব্য করার আগে “মুখ সামলে কথা বলার” আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া ওই পোস্টে টিপু লেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারী যেন নিজেকে “বড় জ্ঞানী ও বুদ্ধিমান” না ভাবেন। বড়দের সঙ্গে বেয়াদবি করে সাময়িকভাবে আলোচনায় আসা গেলেও রাজনৈতিক গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে টিপু দাবি করেন, ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের তুলনা করা “হাস্যকর”। তার ভাষ্য, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও নিরাপত্তাহীনতার কারণে তারেক রহমানকে বিদেশে থেকেই রাজনীতি করতে হয়েছে। একই সময়ে তিনি চিকিৎসা গ্রহণের পাশাপাশি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপিকে সংগঠিত করেছেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন।
দীর্ঘ ওই স্ট্যাটাসে টিপু আরও দাবি করেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে লন্ডন থেকে তারেক রহমান পরিকল্পনা, দিকনির্দেশনা ও সাহস জুগিয়েছেন। আন্দোলনের একপর্যায়ে সমন্বয়কদের গ্রেপ্তারের পর যখন আন্দোলন গতি হারাতে শুরু করেছিল, তখন তারেক রহমানের নির্দেশনা ও যোগাযোগে আন্দোলন নতুন করে শক্তি ফিরে পায়। বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখার ক্ষেত্রেও তারেক রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
টিপু তার পোস্টে আরও দাবি করেন, দীর্ঘ সময়ের পরিকল্পনা, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতার মাধ্যমে তারেক রহমান আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে “মাস্টারমাইন্ড” হিসেবে ভূমিকা রেখেছেন। ভারতের বিরোধী রাজনীতির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার তুলনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে নাসিরউদ্দিন পাটোয়ারীর উদ্দেশে কড়া ভাষায় টিপু লেখেন, তারেক রহমানকে নিয়ে কথা বলতে হলে বুঝেশুনে বলতে হবে। অন্যথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী-সমর্থকেরা চুপ করে বসে থাকবে না।
টিপুর এই পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিএনপি ও এনসিপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে পোস্টটি ঘিরে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া।








আপনার মন্তব্য প্রদান করুন...