সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে হাসপাতালের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তিন দিনের আল্টিমেটাম বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা অভিযানের শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল থেকে আন্দ্রেস এস্কোবারের ট্র্যাজেডি, ফুটবলের সবচেয়ে নির্মম ভুলের গল্প বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

নারায়ণগঞ্জে হাসপাতালের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তিন দিনের আল্টিমেটাম

আল আমীন অর্ণব / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও হাসপাতাল চত্বরে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী তিন দিনের মধ্যে সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশ দিয়ে সতর্ক করেছেন, অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবনির্মিত ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আগে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা এবং রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে মন্ত্রী জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হাসপাতালের পরিবেশ উন্নয়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের সার্বিক পরিবেশের দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের নারীদের জন্য পৃথকভাবে দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব হাসপাতালে স্তন ও জরায়ু ক্যানসারের চিকিৎসা, মাতৃস্বাস্থ্যসেবা, কিডনি ডায়ালাইসিস, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত সেবা প্রদান করা হবে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি হবে শুধু নারীদের জন্য এবং বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার। প্রতিটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রাখা হবে। জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই হবেন নারী। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, রোগের প্রাথমিক স্ক্রিনিং এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর