নারায়ণগঞ্জে ইরানে হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল।
নারায়ণগঞ্জ শহরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দেশে নতুন পার্লামেন্ট বসানো হয়েছে। পার্লামেন্টে দ্রুত এই জুলুমের বিরুদ্ধে নিন্দা জানানোর পাশাপাশি রমজান মাসে শিশু হত্যা ও হাসপাতালের রোগী হত্যার প্রতিবাদে বক্তব্য রাখতে হবে।
তিনি আরও বলেন, “আর কোনো সংযম বা যুদ্ধবিরতি নেই। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাটি ধ্বংস হওয়া পর্যন্ত লড়াই চলবে। পৃথিবীর নিপীড়িত মানুষ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায় ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে। এবার জালিমদের পতন হবে ইনশাআল্লাহ।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।








আপনার মন্তব্য প্রদান করুন...