দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেছেন, গত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দীর্ঘ আন্দোলনের পর জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখেছে। জনগণের দেওয়া এই সম্মান ও দায়িত্ব যথাযথভাবে ধরে রাখা দলের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে চলতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত জীবনও পরিচালনা করতে হবে। কোনো নেতাকর্মীর এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে দল কিংবা সরকার সমালোচনার মুখে পড়ে।
মহানগর বিএনপিকে একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নেতাকর্মীদের সুশৃঙ্খল কর্মকাণ্ডের মধ্য দিয়েই নারায়ণগঞ্জবাসীর কাছে বিএনপির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। র্যালি কিংবা দলীয় কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
সমাবেশে তিনি ফের বলেন, দীর্ঘ সময়ের আন্দোলনে যারা দলের জন্য ত্যাগ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...