শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ

খবর প্রতিদিন রিপোর্ট / ৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে অপহরণের শিকার ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তার কথা উল্লেখ করে থানায় জমা থাকা তাঁর বৈধ লাইসেন্সকৃত দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি ফেরত চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। তাঁর দাবি, অপহরণ মামলার অভিযোগপত্র দাখিলের পর থেকে তিনি বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছেন। ফলে নিরাপত্তাহীনতার মধ্যেই ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে হচ্ছে তাঁকে।

মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আবেদনে সোহাগ জানান, তাঁর নামে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু করা একটি .৩২ বোর এনপিবি পিস্তল ও একটি শর্টগানের বৈধ লাইসেন্স রয়েছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩১ আগস্ট অস্ত্র দুটি ও সংশ্লিষ্ট গুলি ফতুল্লা মডেল থানায় জমা দেন তিনি।

আবেদনে নিজের নিরাপত্তাঝুঁকির বিষয়টি তুলে ধরে সোহাগ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন নিরাপত্তাজনিত শঙ্কার মধ্যে তাঁকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এর মধ্যে গত বছরের ১ জুন রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সরকারি তোলারাম কলেজের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। পরদিন পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোহাগের স্ত্রী তানিয়া আহম্মেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গত ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা আমলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন।

সোহাগের আবেদনে বলা হয়, অভিযোগপত্র দাখিলের পর থেকে তিনি নানাভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন। এতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র দুটি ও গুলি তাঁর কাছে থাকা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অস্ত্র ফেরত পেতে এর আগেও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিলেন সোহাগ। চলতি বছরের ১৪ মার্চ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির কাছেও লিখিত আবেদন করেন তিনি। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অস্ত্র দুটি ফেরত পাওয়ার বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান ওই আবেদনে।

সর্বশেষ আবেদনে নিজের নামে ইস্যু করা বৈধ লাইসেন্সকৃত দুটি আগ্নেয়াস্ত্র ও সংশ্লিষ্ট গুলি ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর