শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

২ নম্বর গেটের ভাস্কর্য নিয়ে ডিসি কার্যালয়ের সেমিনারে তর্ক-বিতর্ক

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘ফিরে দেখা ৭১’ অপসারণ ও পুনঃস্থাপন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে মতবিরোধ দেখা দিয়েছে। ভাস্কর্যটি সরানোর পক্ষে-বিপক্ষে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে বক্তাদের মধ্যে তর্ক-বিতর্কও হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক সেমিনারে বিষয়টি আলোচনায় আসে। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, চাষাঢ়ার পর দুই নম্বর রেলগেট নগরীর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। সেখানে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে একটি ভাস্কর্য থাকা প্রয়োজন।

এর বিরোধিতা করে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ভাস্কর্যটি সড়কে চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। পাশাপাশি এর আশপাশের জায়গা দোকানদাররা দখল করে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে রফিউর রাব্বি বলেন, জায়গা দখলের বিষয়টি আলাদাভাবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ভাস্কর্যটি নিয়ে ভিন্নমত প্রকাশ করেন। তিনি বলেন, ভাস্কর্যটি ১০ থেকে ২০ বছর আগে নির্মিত হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, এমনটি নয়। তাই ভাস্কর্যটি সরিয়ে অন্যত্র প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হলে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এর বিরোধ তৈরি হওয়ার কারণ নেই।

তিনি আরও বলেন, অতীতে সাইনবোর্ড এলাকায় সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পিতার ছবি দিয়ে বড় স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যা পরবর্তীতে ভেঙে ফেলা হয়। তাই ‘ফিরে দেখা ৭১’ ভেঙে ফেলার পরিবর্তে পরিকল্পিতভাবে অন্য জায়গায় প্রতিস্থাপনের কথা বলেন তিনি।

বিষয়টি নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুর আলম মিয়া বলেন, নাগরিক স্বার্থে যা করা প্রয়োজন, সেটিই করা উচিত। এ নিয়ে শুধু আলোচনা না করে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে ভাস্কর্যটির ভবিষ্যৎ অবস্থান নিয়ে পরিকল্পনার কথা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, দুই নম্বর রেলগেট থেকেই ‘ফিরে দেখা ৭১’ সরিয়ে একই এলাকায় আরও সুন্দর ও পরিকল্পিতভাবে স্থাপনের চেষ্টা করা হবে।

তিনি বলেন, দুই নম্বর রেলগেটকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। রেলের জায়গায় থাকা হোটেল ও আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ের স্থাপনা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর জায়গাটি সম্প্রসারণ করা হতে পারে। এরপর সবার সঙ্গে আলোচনা করে সেখানেই ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হবে।

সাখাওয়াত হোসেন খান বলেন, ভাস্কর্যটি সরিয়ে ফেলার উদ্দেশ্য নয়, বরং যানজট ও সড়কের নিরাপত্তা বিবেচনায় নিয়ে একই এলাকায় আরও উপযুক্ত স্থানে পুনঃস্থাপন করাই লক্ষ্য। তিনি বলেন, ‘যা আছে, তাই থাকবে।’

সভায় ভাস্কর্যটির ঐতিহাসিক গুরুত্ব, নগরীর যানজট এবং দুই নম্বর রেলগেটের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আরও আলোচনা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর