‘নাজমুল হাসান বাবুর মতো তোকে ফাঁসাব’, পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়িক পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে আব্দুর রশীদ নামে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শুক্রবার (৩ জুলাই) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আব্দুর রশীদ উল্লেখ করেন, ফতুল্লার দাপা-ইদ্রাকপুর (কবরস্থান রোড) এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম রকি দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাঠের লাকড়ির ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি রকি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে দাবি করে তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। তবে তাতে কোনো পরিবর্তন না হওয়ায় তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৭ জুন উভয়ের মধ্যে ব্যবসার হিসাব-নিকাশ শেষে রকির কাছে আব্দুর রশীদের ১ লাখ ১৮ হাজার টাকা পাওনা হয়। ওই টাকা ফেরত চাইলে রকি ক্ষিপ্ত হয়ে বলেন, “নাজমুল হাসান বাবুকে যেমন করে ফাঁসাইয়াছি, তোকেও তেমন ফাঁসাব। টাকার কথা ভুলে যা, তা না হলে খবর আছে।” এরপর থেকে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর ভাষ্য, সর্বশেষ গত ২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে দাপা-ইদ্রাকপুর পোস্ট অফিসের সামনের সড়কে রকির সঙ্গে তার দেখা হয়। সেখানে তিনি আবারও পাওনা টাকা চাইলে রকি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে রকি আরও ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ ঘটনায় আব্দুর রশীদ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাহবুব আলমের কাছে অভিযোগটি গ্রহণ করে তদন্তপূর্বক অভিযুক্ত রফিকুল ইসলাম রকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম রকির বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।








আপনার মন্তব্য প্রদান করুন...