নারায়ণগঞ্জে তোষকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার জামতলা হাজী ব্রাদার্স রোডের গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ‘জাজিরা টাওয়ারের’ ষষ্ঠ তলায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তার একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করার পাশাপাশি শরীরে গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে।
তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








আপনার মন্তব্য প্রদান করুন...