ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পোশাক প্রস্তুতকারক মার্কেটে চাঁদাবাজি করতে গিয়ে সানি (৩০) নামের এক যুবককে ব্যবসায়ীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দেওভোগ ফরিদা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
আটক সানি রেলীর বাগান এলাকার মৃত ভুট্টু মিয়ার ছেলে। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মার্কেটের ব্যবসায়ী সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে ফরিদা মার্কেটের আল-আমিন গার্মেন্টস নামের একটি পোশাক প্রস্তুতকারক কারখানায় প্রবেশ করে সানি ও তার তিন সহযোগী। তারা শ্রমিক হৃদয় নামের এক যুবকের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।
হৃদয় টাকা দিতে অস্বীকৃতি জানালে সানি ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক বাইরে নিয়ে গিয়ে মারধর করে। পরে চাঁদার টাকা দেওয়ার আশ্বাসে কৌশলে কারখানার শ্রমিক ও অন্যান্য ব্যবসায়ীরা স্থানীয় জনতার সহায়তায় সানিকে আটক করে ফেলে। তবে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী শ্রমিকরা জানিয়েছেন, সানি ও তার সহযোগীরা নিয়মিত ফরিদা মার্কেটসহ আশপাশের পোশাক মার্কেটগুলোয় ঘোরাফেরা করে। তারা প্রায়ই সিঁড়ি ও গলিতে আড্ডা দেয় এবং শ্রমিকদের কাছে জোর করে মাদক বিক্রির প্রস্তাব দেয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির হোসেন বলেন,ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে সানি নামের এক যুবককে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি যে, তিনি শ্রমিকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করতেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








আপনার মন্তব্য প্রদান করুন...