ফতুল্লায় বাসায় চুরি: স্বর্ণালংকার-নগদসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের অভিযানে প্রায় ১৪ লাখ টাকার মালামালের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময় ফতুল্লার মাসদাইর এলাকার ৩৯/এ শেরেবাংলা রোডের বাসিন্দা মো. জহিরুল ইসলামের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, বাসার দরজার তালা ভেঙে অজ্ঞাত চোরেরা ভেতরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের গলার হার, ৬টি স্বর্ণের আংটি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী জহিরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৩ মার্চ পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় একটি মামলা রুজু করা হয় (এফআইআর নং-৪৩)।
মামলার পরপরই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানের তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের এক পর্যায়ে অভিযানে নামে পুলিশের একটি দল। সাব-ইন্সপেক্টর শামীম হোসেন ও এসআই মো. রফিক বিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১২ মার্চ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পারভেজ (৪০)। তার বাবার নাম হাবিব। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার চৌরঙ্গপাড়া এলাকায়, তবে বর্তমানে তিনি ফতুল্লায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরজন মিয়াজ (২৯)। তার বাবার নাম আব্দুল কাদের। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার মাঝকান্দিরচর এলাকায়।
পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৭টি স্বর্ণের চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট, ৪টি কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এছাড়া চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোরচক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় বাসা-বাড়ির তালা ভেঙে চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








আপনার মন্তব্য প্রদান করুন...