বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক মন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক ঢাকায় গ্রেপ্তার সেতু নিয়ে একজনকে গণশত্রু বানিয়ে দেওয়া হচ্ছে: আশা সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ‘মা হাসপাতাল’কে জরিমানা নারায়ণগঞ্জে মোতালেব হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ সাংবাদিকের নারায়ণগঞ্জে জাপানি প্রতিষ্ঠান মারুহিসার দ্বিতীয় কারখানা চালু সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানকে হুইলচেয়ার দিল সদর উপজেলা প্রশাসন শ্রমিক অসন্তোষ: ফতুল্লায় আজও দুই কারখানায় কর্মবিরতি

নারায়ণগঞ্জে মোতালেব হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোতালেব (৫০) হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবী নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বন্দর থানার শাসনেরবাগ এলাকার ইসমাইল (৪৪), মিনারবাড়ী এলাকার মো. সজিব (৩০), শাসনেরবাগ এলাকার রাজু (২২), হাফেজ ওরফে হাফিজ (২৬), হরিবাড়ী নামাপাড়া এলাকার হোসাইন (২১) এবং মিনারবাড়ী এলাকার তানজিল ইসলাম (২০)।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বন্দরের শাসনেরবাগ এলাকায় আলীমুদ্দিন প্রধানের বাড়ির সামনে পাকা সড়কে মোতালেবকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আসামিরা। জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৭ জুন সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ছয় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলার অপর আসামি নবী (৪৬) অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে ইসমাইল, সজিব, রাজু ও হাফেজ আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি হোসাইন ও তানজিল ইসলাম এখনো পলাতক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর