নারায়ণগঞ্জে জাপানি প্রতিষ্ঠান মারুহিসার দ্বিতীয় কারখানা চালু
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে নারায়ণগঞ্জে দ্বিতীয় কারখানা চালু করেছে জাপানি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারুহিসা গ্রুপ। নতুন এ কারখানায় ৪০০টি সেলাই মেশিন ও ১৩টি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাসে সর্বোচ্চ ৩০ লাখ পিস পোশাক উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
বুধবার (২৫ নভেম্বর) ফতুল্লার বিসিক শিল্পনগরীতে মারুহিসা আটলান্টিক কোম্পানি লিমিটেড নামে কারখানাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা।
বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, মারুহিসা গ্রুপের চেয়ারম্যান কিমিনোবু হিরাইশি, ব্যবস্থাপনা পরিচালক সুগুরু হিরাইশি ও বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ।
উদ্বোধনের আগে অতিথিরা নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত গ্রুপটির প্রথম কারখানা মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন। পরে তাঁরা বিসিক শিল্পনগরীতে নতুন কারখানাটি ঘুরে দেখেন। এ উপলক্ষে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৯ সালে বাংলাদেশে বিনিয়োগ শুরু করে মারুহিসা গ্রুপ। ওই বছরের ২৭ এপ্রিল আদমজী ইপিজেডে মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে কারখানাটিতে প্রায় এক হাজার ৩০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।
নিটিং, ডাইং, প্রিন্টিং, কাটিং, সুইং ও ফিনিশিংসহ পোশাক উৎপাদনের বিভিন্ন ধাপ সেখানে সম্পন্ন হয়। কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা প্রায় আট লাখ টি-শার্ট। উৎপাদিত সব পণ্য জাপানে রপ্তানি করা হয়।
১৯০০ সালে জাপানে ঐতিহ্যবাহী ‘টাবি সকস’ উৎপাদনের মধ্য দিয়ে মারুহিসার যাত্রা শুরু হয়। পরে ১৯৫৯ সালে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে গ্রুপটি।
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৫ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মারুহিসা আটলান্টিক কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করে গ্রুপটি। নতুন কারখানার মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। জাপানের শিল্প অভিজ্ঞতা ও বাংলাদেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এ দেশে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ করতে চায় মারুহিসা গ্রুপ।








আপনার মন্তব্য প্রদান করুন...