জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি, নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে খেলাফত মজলিস। এ সময় গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশন শেষে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। শান্তি ও স্বস্তির পরিবর্তে মানুষ এখন ভীতি ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নেতিবাচক প্রভাব অর্থনীতি, শিক্ষা ও সামাজিক স্থিতিশীলতার ওপর পড়ছে।
তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই। দেশের মানুষ একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।
এ সময় মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, ডা. শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...