ফতুল্লায় সাংবাদিকের মোটরসাইকেলে আগুন, থানায় অভিযোগ।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারও আংশিক ক্ষতি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানা এলাকার হরিহরপাড়া শিষ মহল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক শাহাদাত হোসেন রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৭টার দিকে তার ব্যবহৃত রিগ্যাল এজেএস ১৬০ সিসি মোটরসাইকেলটি বাসার নিচতলার গ্যারেজে রেখে যান। ওই গ্যারেজে অন্যান্য ভাড়াটিয়াদের প্রাইভেট কার ও মোটরসাইকেলও রাখা ছিল।
তিনি জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ গ্যারেজে আগুন লাগে। চিৎকার শুনে তিনি ও অন্যান্য ভাড়াটিয়ারা দ্রুত নিচে নেমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গ্যারেজের বাইরের গেট তালাবদ্ধ ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক শাহাদাত হোসেনের ধারণা, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন দুর্বৃত্ত গ্যারেজের বাইরে থেকে পেট্রল বা দাহ্য পদার্থ নিক্ষেপ করে অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
অগ্নিকাণ্ডে তার মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গিয়ে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একই গ্যারেজে থাকা ভাড়াটিয়া মাহফুজ আলমের সাদা রঙের একটি প্রাইভেট কারের (রেজি: ঢাকা মেট্রো-গ-৩৩-২৭৫২) ডান পাশের সামনের অংশ পুড়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা ও বাসার মালিকের সঙ্গে আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “দুর্বৃত্তদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








আপনার মন্তব্য প্রদান করুন...