কোরআনের পাখিদের সাথে ইফতার মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
ফজলুল হক পলাশ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনের পাখিদের সাথে ইফতার মাহফিল শীর্ষক এক ব্যতিক্রমধর্মী ইফতার ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রহমতের দিনগুলোর সমাপ্তিকে স্মরণীয় করে রাখতে গত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার, পবিত্র রমজানের নবম দিনে নারায়ণগঞ্জ সদরের মাসদাইর এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার ৬ জন হাফেজ শিক্ষার্থীকে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইফতার পূর্বে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন কাশিপুর মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুর সবুর সাহেব। তিনি তার বক্তব্যে পবিত্র কোরআনের গুরুত্ব, হাফেজদের মর্যাদা এবং রমজানের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকাদ্দের চৌধুরী, নিজামুল হক, রবিউল ইসলাম, হাজী রুহুল আমিন, রেজাউল হক, পারভেজ মাহমুদ, আমিনুল হক এবং হাফেজ তাফসীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব ফজলুল হক পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা জিয়াউল হক।
সভাপতির বক্তব্যে ফজলুল হক পলাশ বলেন, হাফেজরা আমাদের সমাজের গর্ব। তাদের সম্মানিত করা মানে কোরআনকে সম্মানিত করা। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...