আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী
আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সরকার বা প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। যারা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, “অনেকে বিভিন্নভাবে সরকার ও প্রশাসনকে বিব্রত করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে। কিন্তু যেকোনো পরিস্থিতি তৈরি হলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, সরকার সেটিই করছে।”
তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে যাতে সরকার বিব্রত হয়, তাদের ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন করা হবে না।
নারায়ণগঞ্জের অতীত পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাদককে অনেকে ব্যবসা ও পেশা হিসেবে বেছে নিয়েছিল। বিগত সময়ে নারায়ণগঞ্জ সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিতি পেয়েছিল। অস্ত্র, মাদকসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অনেকেই এখন বিভিন্ন পরিচয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পুলিশ ও প্রশাসনের ওপর অতর্কিত হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে গত ছয় মাসে নারায়ণগঞ্জে রাজনৈতিক সন্ত্রাস নেই দাবি করে হাবিবুর রশিদ বলেন, জনপ্রতিনিধিরা বর্তমানে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন। জনগণের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে এবং সেই জবাবদিহিতার জায়গা থেকেই তারা কাজ করছেন।
তিনি বলেন, “আমরা জনগণের প্রতিনিধি। জনগণের প্রতি আমাদের জবাবদিহিতা রয়েছে। সেই জবাবদিহিতা রেখেই আমাদের কাজ করতে হচ্ছে।”
নারায়ণগঞ্জের অলিগলিতে অতীতে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে বেরিয়ে আসতে প্রশাসন কাজ করছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী। তাঁর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চলমান পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন।








আপনার মন্তব্য প্রদান করুন...