সেলিম প্রধানের জামিন ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা- মানববন্ধনে রূপগঞ্জবাসী
ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের জামিন ঠেকাতে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রূপগঞ্জবাসী।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সেলিম প্রধানের পরিবার ও রূপগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলিম প্রধান পরিকল্পিত ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলার শিকার। তারা বলেন, অতীতে কোনো সুস্পষ্ট অপরাধ ও প্রমাণ ছাড়াই তাকে দীর্ঘ চার বছরের বেশি সময় কারাভোগ করতে হয়েছে। বর্তমানে তার জামিন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একের পর এক নতুন মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন।
তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কখনো তাকে এক রাজনৈতিক দলের ঘনিষ্ঠ, আবার কখনো অন্য দলের সঙ্গে সংশ্লিষ্ট দেখিয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধন থেকে প্রশ্ন তোলা হয়, অতীতে নির্যাতনের শিকার একজন ব্যক্তিকে কেন বারবার নতুন করে ভিত্তিহীন মামলায় জড়ানো হচ্ছে এবং কেন সুস্পষ্ট প্রমাণ ছাড়াই ধারাবাহিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, বিষয়টি মানবিক ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এতে একজন ভুক্তভোগী নাগরিক ন্যায়বিচার পাবেন এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— সেলিম প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগসমূহের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ, তার সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কাউন্সিল-এর মহাসচিব মনিরুল ইসলাম, জাপান বাংলাদেশ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান, ব্যবসায়ী সালমা আখতার, সেলিম প্রধানের চাচাতো ভাই জামান উদ্দিনসহ প্রায় অর্ধশতাধিক রূপগঞ্জবাসী।







আপনার মন্তব্য প্রদান করুন...