সরকার ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে, জনগণ ক্ষমা করবে না- ডা. শফিকুর রহমান
সরকার প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার ওয়াদা লঙ্ঘন করেছে, জনগণ তাদের ক্ষমা করবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদের সঙ্গীরা লড়াই করেছিলেন। আপনাদের সঙ্গীদের শহীদদের দাবি পূরণ হয়েছে? হয়নি। সেই দাবি পূরণের জন্যই আমরা রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ দাবি পূরণ করে ঘরে ফিরব।’
তিনি বলেন, গণভোটের গণরায় ও ২০২৪ সালের চার্টার বাস্তবায়নের দাবিতে তারা রাজপথে নেমেছেন। একই সঙ্গে মানুষের ঘরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিও জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘১১ দল আপনাদের পাশে আছে।’ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লংমার্চ সফল করতে সবার দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, ‘আজকে শুরু, শেষ নয়। ইনশাআল্লাহ বিজয়ের হাসি হেসে আপনারা ঘরে ফিরবেন।’
পথসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।








আপনার মন্তব্য প্রদান করুন...