রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

নারায়ণগঞ্জে শুভ হত্যার ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শুভর গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুভ গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

পুলিশের দাবি, পূর্বপরিকল্পিতভাবে শুভকে হত্যার জন্য তার সহযোগী সোহানকে ১০টি ইয়াবা ট্যাবলেট দেওয়ার বিনিময়ে ব্যবহার করা হয়। সোহানের মাধ্যমে শুভকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং অন্যরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে ৫ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টায় বন্দর থেকে সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১)কে এবং শহরের আমলাপাড়া থেকে সোহান (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর