রূপগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার উদ্যোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা ঘরে বসেই কাজ করে আয় করতে পারবেন। এর ফলে তাদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শুধু সেলাই মেশিন বিতরণ নয়, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাচিত স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদানের চেক বিতরণ এবং ২০২৬-২৭ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও সহায়তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, নারীদের শুধু সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আয় করার সুযোগ তৈরি করা জরুরি। সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের দক্ষতা কাজে লাগিয়ে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সেলাই মেশিন পাওয়া নারীরা উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...