মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
না'গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ

নারায়ণগঞ্জকে প্রযুক্তিনির্ভর নিরাপদ নগরীতে রূপান্তর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেছেন, অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। তাই দেশের মধ্যে প্রথম দিকেই যেন নারায়ণগঞ্জে এআই ক্যামেরাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চাঁদমারিস্থ নারায়ণগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমপি দিপু বলেন, আমরা নারায়ণগঞ্জকে একটি সত্যিকারের ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে এআই ক্যামেরা স্থাপন করা হলে অপরাধী শনাক্ত করা সহজ হবে। প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা চালু হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আরও কার্যকর হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
তিনি বলেন, প্রতিদিন লক্ষাধিক মানুষ নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু এখনও মেট্রোরেলের রুটে নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত হয়নি। আমরা চাই মেট্রোরেল নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হোক। এটি বাস্তবায়িত হলে যাতায়াতের সময় ও ভোগান্তি কমবে, শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে। এটি হবে জেলার মানুষের জন্য একটি বড় আশীর্বাদ।
নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বৃদ্ধি পাবে এবং নগরীর নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারায়ণগঞ্জের অবদান প্রায় ৭ দশমিক ৮৬ শতাংশ। অথচ সেই তুলনায় জেলার প্রশাসনিক ও উন্নয়নগত গুরুত্ব প্রত্যাশিত পর্যায়ে নেই। তাই নারায়ণগঞ্জকে বর্তমান ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে বিশেষ ক্যাটাগরি অথবা ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।
জিয়া হলের স্থানে প্রায় একশ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে নারায়ণগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার জন্য মানুষকে আর ঢাকার ওপর নির্ভর করতে হবে না।
চেম্বারের উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে একটি আধুনিক দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন দিপু ভূঁইয়া। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করা গেলে দেশে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক প্রভাব পড়বে।
দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা নতুন আদালত ভবন দ্রুত সরকারি কাজে ব্যবহারেরও আহ্বান জানান তিনি। তার মতে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি চালু না হওয়ায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে অনেক সরকারি দপ্তর এখনও ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি চলতি অর্থবছরের জাতীয় বাজেটকে জনবান্ধব ও শিল্পবান্ধব উল্লেখ করে বলেন, শিল্পখাত পুনরুজ্জীবিত করা, দীর্ঘমেয়াদি ঋণের সুযোগ বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর কর কমানোর মতো পদক্ষেপ সাধারণ মানুষ ও ব্যবসায়ী উভয়ের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ, বিকাশ চন্দ্র সাহাসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ী নেতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর