শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেষ মিনিটের নাটকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিদায় তুরস্কের

আল আমীন অর্ণব / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শেষ মিনিটের নাটকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিদায় তুরস্কের

বিশ্বকাপের মঞ্চে অনেক সময় হারতে হারতেও জিতে যায় দল, আবার জিতেও থেকে যায় অপূর্ণতা। তুরস্কের ভাগ্যে জুটল দ্বিতীয় বাস্তবতা। আগেই বিদায় নিশ্চিত হয়েছিল। তবে শেষ ম্যাচে তারা দেখিয়ে গেল লড়াইয়ের মানসিকতা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে কান আয়হানের পায়ে ভর করে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে সম্মানের জয় নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করল ইউরোপ-এশিয়ার দেশটি। অন্যদিকে হারলেও আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৬ জুন) লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে সেবাস্তিয়ান বেরহাল্টারের বাড়ানো বল কাছের পোস্টে জোরালো শটে জালে জড়ান ডিফেন্ডার অস্টিন ট্রাস্টি। এটি ছিল যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১০ মিনিটে বারিশ আলপার ইলমাজের দারুণ পাস থেকে বক্সের ভেতর বাঁ-পায়ের শটে সমতায় ফেরান তরুণ তারকা আরদা গুলের। চলতি বিশ্বকাপে এটি ছিল তুরস্কের প্রথম গোল। ২০০২ সালের পর বিশ্বকাপের আসরে এটিই দেশটির প্রথম গোল হিসেবেও ইতিহাসে জায়গা করে নেয়।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে তুরস্ক। ৩১তম মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে অর্কুন কোকচুর পাস পেয়ে কাছ থেকে গোল করে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বারিশ আলপার ইলমাজ। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে তুরস্কের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে জাল কাঁপান সেবাস্তিয়ান বেরহাল্টার। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল। স্কোরলাইন দাঁড়ায় ২-২।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। পুরো ম্যাচে তারা ১৯টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বলের দখলেও এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। বিপরীতে ৫৩ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে তুরস্ক ১০টি শট নেয়, যার ৪টি ছিল অন টার্গেট। ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চ বজায় থাকে শেষ বাঁশি পর্যন্ত।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই নাটকীয় মুহূর্তের জন্ম। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বল বাড়ান কান উজুন। গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করে বল পেয়ে খুব কাছ থেকে জালে ঠেলে দেন বদলি খেলোয়াড় কান আয়হান। তাতেই ৩-২ ব্যবধানে অবিস্মরণীয় জয় পায় তুরস্ক।

তুরস্কের জন্য ম্যাচটি ছিল মর্যাদা রক্ষার লড়াই। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে কোনো গোল করতে না পারলেও বিদায়ের আগে বিশ্বকাপের মঞ্চে ২৪ বছর পর প্রথম গোল এবং প্রথম জয় তুলে নিল দলটি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো আগেই নকআউট নিশ্চিত হওয়ায় মূল একাদশে নয়টি পরিবর্তন আনেন। ইনজুরি কাটিয়ে ৫৮তম মিনিটে মাঠে নামেন ক্রিশ্চিয়ান পুলিসিক। হারলেও গ্রুপ ‘ডি’-এর শীর্ষ দল হিসেবেই শেষ ৩২-এ খেলবে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। চূড়ান্ত সমীকরণ জানা যাবে আগামী রোববার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর