শীতলক্ষ্যায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নুর মোহাম্মদ আলিফ (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার রূপালী আবাসিক এলাকা সংলগ্ন ভূমি অফিসের ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলিফ স্থানীয় রূপালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার মাদরাসা ছুটি থাকায় আলিফ দুপুরের বৃষ্টির সময় বাসা থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন এবং স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। স্বজনরা জানান, আলিফ প্রায়ই সুযোগ পেলে নদীর পাড়ে যেত এবং গোসল করত। আলিফের জন্মগতভাবে হাঁটাচলায় সমস্যা ছিল এবং সে সাঁতার জানত না। নিখোঁজ হওয়ার একপর্যায়ে নদীর পাড়ে খুঁজতে গিয়ে তাঁকে সেখানে ভাসমান অবস্থায় দেখা যায়।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ। নৌ পুলিশের ইনচার্জ মো. রকিবুজ্জামান জানান, “উদ্ধারের সময় শিশুটির চোখ ও ঠোঁটে সামান্য নড়াচড়া লক্ষ্য করা যায়। আমরা কালক্ষেপণ না করে দ্রুত তাঁকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।”
নৌ পুলিশ আরও জানিয়েছে, স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা করা হয়নি।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান স্থানীয়রা।








আপনার মন্তব্য প্রদান করুন...