হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল স্কটল্যান্ড। কিন্তু ম্যাচ শেষে দেখা গেল, স্বপ্ন দেখছে শুধু ব্রাজিল। আর সেই স্বপ্নের নাম হেক্সা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের রাতে স্কটিশদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। একই সঙ্গে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে নিজেদের শক্তির বার্তাও ছড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই ছিল ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য। আক্রমণ, গতি, সৃজনশীলতা, সবকিছুতেই এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের মাত্র ৭ মিনিটে প্রথম আঘাত হানেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জড়িয়ে দেন জালে। গ্যালারিতে তখন শুরু হয়ে গেছে ব্রাজিল সমর্থকদের উৎসব। চলতি বিশ্বকাপে এটি ছিল ভিনির টানা তৃতীয় ম্যাচে গোল।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেছিল স্কটল্যান্ড। কিন্তু ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগের সামনে তাদের আক্রমণ বারবার থেমে যায়। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও আঘাত হানেন ভিনি। ডান প্রান্ত থেকে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও স্কটল্যান্ডকে কোনো সুযোগ দেয়নি সেলেসাওরা। ৬০তম মিনিটে ব্রুনো গিমারেসের বাড়ানো বল থেকে মাতেউস কুনহা গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের কাছে রেখে জয় নিশ্চিত করে ব্রাজিল।
তবে ম্যাচের শেষদিকে সবচেয়ে বড় উচ্ছ্বাসের জন্ম দেন নেইমার। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সিতে দেখা যায় এই সুপারস্টারকে। মাঠে নেমেই কয়েকটি দারুণ আক্রমণ তৈরি করেন তিনি। এমনকি ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের সুযোগও তৈরি করে দেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনি।
ফলে আক্ষেপটা থেকেই গেল। পেলের পর বিশ্বকাপে আর কোনো ব্রাজিলিয়ান ফুটবলার হ্যাটট্রিক করতে পারেননি। যুগে যুগে রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাকা, নেইমারের মতো তারকারা এসেছেন। বিশ্বকাপ জিতেছেন, ইতিহাস গড়েছেন। কিন্তু পেলের সেই কীর্তি এখনও অধরাই রয়ে গেছে।
গোলের সময়
– ৭’ মিনিট: ভিনিসিয়ুস জুনিয়র (১-০)
– ৪৫+৩’ মিনিট: ভিনিসিয়ুস জুনিয়র (২-০)
– ৬০’ মিনিট: মাতেউস কুনহা (৩-০)
ম্যাচের উল্লেখযোগ্য রেকর্ড ও পরিসংখ্যান
– টানা তৃতীয় বিশ্বকাপ ম্যাচে গোল করলেন ভিনিসিয়ুস জুনিয়র।
– চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪।
– তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
– গ্রুপ পর্বে অপরাজিত থেকেছে কার্লো আনচেলত্তির দল।
– গ্রুপ পর্বে একটি গোলও হজম করেনি ব্রাজিল।
– বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে এটি ব্রাজিলের টানা চতুর্থ জয়।
– ১৯৮২, ১৯৯০, ১৯৯৮ ও ২০২৬ বিশ্বকাপে প্রতিবারই স্কটিশদের হারিয়েছে সেলেসাওরা।
– বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন থাকলো।
গ্রুপ পর্ব শেষ। এখন শুরু আসল লড়াই। তবে স্কটল্যান্ডের বিপক্ষে এই দাপুটে জয় একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার স্বপ্নে এবার সত্যিই বিশ্বাস করতে শুরু করেছে ব্রাজিল। আর সেই স্বপ্নের সামনের সারিতে দাঁড়িয়ে আছেন ভিনিসিয়ুস জুনিয়র।








আপনার মন্তব্য প্রদান করুন...