শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বন্দরে খেলাফত মজলিসের বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দরে খেলাফত মজলিসের কর্মী শাহীন ও ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ডের বিচার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বন্দর থানা শাখা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বন্দর থানা সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, সম্প্রতি নাসিকের ২৬ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যাকাণ্ড এবং ২২ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
একই সঙ্গে বন্দরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন নেতারা। পরে হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।








আপনার মন্তব্য প্রদান করুন...