বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ব্রাজিলের সামনে ইতিহাসের অস্বস্তি, নরওয়ের বিপক্ষে জয়ের খোঁজে সেলেসাও

খবর প্রতিদিন রিপোর্ট / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা সহজ। বিশ্বকাপের নকআউটে তাদের নাম থাকলেই সমর্থকদের চোখে ভেসে ওঠে শিরোপার স্বপ্ন। কিন্তু এবার রাউন্ড অব ১৬-তে কার্লো আনচেলত্তির দলের সামনে দাঁড়িয়ে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাসের পাতায় একবারও জয়ের দেখা পায়নি সেলেসাওরা। সেই দলটির নাম নরওয়ে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল কাগজে-কলমে স্পষ্ট ফেবারিট হলেও পরিসংখ্যান বলছে, এই লড়াই তাদের জন্য মোটেও স্বস্তির নয়।

ফুটবল ইতিহাসে ব্রাজিল ও নরওয়ের দেখা হয়েছে মোট চারবার। বিস্ময়কর হলেও সত্য, একবারও জিততে পারেনি ব্রাজিল। দুই জয়ের সঙ্গে দুটি ড্র নিয়ে এখন পর্যন্ত অপরাজিত নরওয়ে। একাধিকবার মুখোমুখি হয়েও ব্রাজিলের বিপক্ষে হারেনি, এমন একমাত্র দেশও নরওয়ে।

দুই দলের প্রথম সাক্ষাৎ ১৯৮৮ সালে। প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৯৯৭ সালে নরওয়ে ৪-২ গোলে হারিয়ে দেয় ব্রাজিলকে। এক বছর পর ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আবারও মুখোমুখি হয় দুই দল। বেবেতোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তোরে আন্দ্রে ফ্লো ও কিয়েতিল রেকদালের গোলে ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। সেই জয়েই প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠেছিল নরওয়ে। এরপর ২০০৬ সালের প্রীতি ম্যাচও ১-১ গোলে ড্র হয়।

প্রায় ২৮ বছর পর আবার বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। আর ফিরেই ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডদের দল। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত করলেও ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। তবে রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয়। সেই ম্যাচে শেষ দিকে জয়সূচক গোল করেন হলান্ড। এটি ছিল নরওয়ের ইতিহাসে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়।

অন্যদিকে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। এরপর স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে গ্রুপ পর্ব পার করে তারা। রাউন্ড অব ৩২-এ জাপানকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আনচেলত্তির শিষ্যরা।

এবারের ম্যাচে ব্রাজিলের সামনে আরও একটি অস্বস্তিকর পরিসংখ্যান রয়েছে। ২০০২ বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ইউরোপীয় প্রতিপক্ষকে হারাতে পারেনি সেলেসাওরা। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। ফলে নরওয়ের বিপক্ষে ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, দীর্ঘদিনের একটি অস্বস্তিকর অধ্যায় ভাঙারও পরীক্ষা।

ইতিহাস বলছে নরওয়ে, শক্তিমত্তা বলছে ব্রাজিল। এখন দেখার বিষয়, মেটলাইফ স্টেডিয়ামে শেষ হাসি হাসে অতীতের পরিসংখ্যান, নাকি বর্তমানের ফেবারিটরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর