শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে।

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ পরীক্ষা চলবে ২১, ২২ ও ২৩ এপ্রিল পর্যন্ত।

জেলা পুলিশ নারায়ণগঞ্জের আয়োজনে এ পরীক্ষার সকল কার্যক্রম নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতিদিন সকাল ৮টার মধ্যে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।

সূত্র জানায়, পরীক্ষার প্রথম দিন ২১ এপ্রিল প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ গ্রহণ করা হবে। এদিন প্রার্থীদের উচ্চতা, ওজন ও বুকের মাপ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

দ্বিতীয় দিন ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষা। এদিন পুরুষ প্রার্থীদের জন্য ২০০ মিটার দৌড় ২৮ সেকেন্ডে সম্পন্ন করা, ১৫ বার পুশ-আপ, ১০ ফুট লং জাম্প এবং ৩ দশমিক ৫ ফুট হাই জাম্প নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নারী প্রার্থীদের জন্য ২০০ মিটার দৌড় ৩৪ সেকেন্ডে সম্পন্ন করা, ১০ বার পুশ-আপ, ৬ ফুট লং জাম্প এবং ২ দশমিক ৫ ফুট হাই জাম্প দিতে হবে।

তৃতীয় দিন ২৩ এপ্রিল পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড় ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করা, ১৫০ পাউন্ড ড্র্যাগ এবং ১২ ফুট রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। নারী প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ১০০০ মিটার দৌড় ৬ মিনিটে সম্পন্ন করা, ১১০ পাউন্ড ড্র্যাগ এবং ৮ ফুট রোপ ক্লাইম্বিং।

এছাড়া নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে আগামী ৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নারায়ণগঞ্জ পুলিশ লাইনস স্কুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সকল প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর