শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

দেশে ৮২ লাখ মাদকসেবী!

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের ভয়াবহতা মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ এবং জাতীয় অর্থনীতির ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

তিনি বলেন, বর্তমানে মাদক পাচারকারী চক্র প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা বিশেষ করে তরুণদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। এ বাস্তবতায় মাদকের অপব্যবহার রোধে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নীতির আওতায় মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি মাদকের চাহিদা কমিয়ে আনাই সবচেয়ে কার্যকর কৌশল। এজন্য জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচার, বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা এবং মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসন সেবার মান উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর